রাঙামাটি–চট্টগ্রাম রুটসহ সারা দেশের সঙ্গে রাঙামাটির বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। সৌদিয়া পরিবহন ও স্থানীয় বাস মালিক সমিতির দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা।
জানা গেছে, সৌদিয়া পরিবহন রাঙামাটি-ঢাকা রুটে দুটি বাস চালু করলেও মালিক সমিতির কাছে নির্ধারিত টোকেন ফি পরিশোধ করছিল না। এ কারণে বুধবার (২১ জানুয়ারি) মালিক সমিতি সৌদিয়ার কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে কাউন্টার পুনরায় খুলে দেওয়া হলেও সমিতি বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।
হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। সিলেট থেকে ভ্রমণে আসা পর্যটক রুপা খানম বলেন, “পরিবার নিয়ে রাঙামাটি এসেছি। সকাল থেকে বাস বন্ধ—এখন কীভাবে ফিরব বুঝছি না।”
রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুর জামান সোহেল বলেন, “আমাদের সঙ্গে আলোচনা না করেই সৌদিয়া গাড়ি চালু করেছে। বারবার আলোচনার কথা বললেও তারা শোনেনি। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ রেখেছি।”
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, “ঘটনাটি অপ্রত্যাশিত। দ্রুত কীভাবে সমাধানে যাওয়া যায়, সেই বিষয়ে কাজ করছি। আশা করছি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।”









