আদালতের আদেশে শাকসু নির্বাচন স্থগিত, শিক্ষার্থীদের প্রতিবাদ

সিলেট প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রিটের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

হাইকোর্টের সিদ্ধান্ত সম্পর্কে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, “নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিলেন, হাইকোর্ট তা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ফলে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে না। চার সপ্তাহ পর যেকোনো দিন নির্বাচন হতে পারে।”

তবে আদালতের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধকালে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির এ ঘোষণা দেন। এসময় স্বতন্ত্র ও অন্যান্য প্যানেলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

দেলওয়ার হাসান শিশির বলেন, “হাইকোর্টের এই রায় সারাদেশের শিক্ষার্থীদের অধিকার হরণের সূচনা। আমরা এই সিদ্ধান্ত মানি না। দেশের সব বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বলছি—এ সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ান। প্রয়োজনে সারাদেশ শাটডাউন করে দিন।”

শিক্ষার্থীরা জানান, শিগগিরই সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে দুপুর সোয়া ২টায় শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে জরুরি সেবার যানবাহন, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর