খুলনায় আবারও যুবককে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

খুলনায় আব্দুল রাশেদ বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিকুল দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় দুর্বৃত্তরা সন্ত্রাসী বি কোম্পানির সক্রিয় সদস্য বলে পরিচিত আব্দুল রাশেদ বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, শনিবার রাত ১টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আহত বিকুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর