গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের শতাধিক কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার নির্বাচনী পরিচালনা অফিসে গোপালগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে এস এম জিলানী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না—সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, মা-বোনদের ভোটকেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাতে হবে। গত ১৭ বছর জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ পায়নি; এখন ভোটাধিকার ফিরিয়ে আনা হয়েছে। তারা যাকে পছন্দ করেন তাকে ভোট দিন—তবুও ভোট দিতে যাওয়ার পরিবেশ সৃষ্টি করা জরুরি।
অতীতের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জিলানী বলেন, “আমি ২০০৮ সাল থেকেই আপনাদের পাশে আছি। অনেকেই আপনাদের রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বিদেশে বসে নানা কর্মকাণ্ডে জড়িয়েছেন। আমাকে যারা একের পর এক মিথ্যা মামলায় জেলে বন্দি করেছিল—তারা এখন কোথায়?” তিনি যোগদানকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আন্দোলন-সংগ্রামে পাশে থাকার আহ্বান জানান।









