চাঁদা নিতে যাওয়া এনসিপি নেতাকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুজনকে গণধোলাইয়ের পর আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাফসীর হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে আর জমা দেননি। এ ঘটনায় রোববার সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় বাদী হয়ে বোচাগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে একটি এজাহার দায়ের করেন।

গ্রেফতাররা হলেন— বোচাগঞ্জ উপজেলার ধনতলা কলেজ রোডের মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) এবং ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

এজাহারে বলা হয়, শনিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে আসামিরা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন এবং নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। গেট খোলার পর বাড়ির ভেতরে ঢুকে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খুঁজতে থাকেন এবং আসবাবপত্র তছনছ করেন। একপর্যায়ে তারা পরিমলের স্ত্রীকে হুমকি দিয়ে বলেন, ‘তোর স্বামীকে বের করে দে, না হলে ট্রাংকের চাবি দে, নইলে সবাইকে মেরে ফেলবো।’

পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় পরিবারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করেন, তবে তাদের সহযোগীরা পালিয়ে যায়। আটক দুজনকে পরে স্থানীয়রা বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের লাঠি, ভিডিও রেকর্ডিংয়ের ছোট ক্যামেরাসহ বেশ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর