জুলাই গণ–অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
দলটিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ছাড়াও নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন মীর আরশাদুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৬ আসনে এনসিপির মনোনয়নও পেয়েছিলেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সহসভাপতি।
ছাত্রজীবনে ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন মীর আরশাদুল হক। জুলাই গণ–অভ্যুত্থানের পর তিনি প্রথমে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হন; পরে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে এনসিপি গঠিত হলে সে দলেও যোগ দেন।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার দিন বৃহস্পতিবার সকালে ফেসবুকে ‘একটি বিশেষ ঘোষণা’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি এনসিপি থেকে পদত্যাগের কথা জানান। পোস্টে তিনি লেখেন, ‘আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে এনসিপির হয়ে নির্বাচন করছি না। আজকে একটি বিশেষ দিনে এই ঘোষণা দিচ্ছি, যেদিন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুস্বাগতম।’









