ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ সৌদি আরব। স্বল্প সময়ে প্রতিযোগিতামূলক একটি দল গঠনের লক্ষ্যে উপমহাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোর ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। এর অংশ হিসেবে বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নেওয়ার প্রস্তাব দেয় সৌদি আরব ক্রিকেট বোর্ড। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজে প্রকাশিত হয়েছে।
তবে সৌদি আরবের প্রস্তাবটি নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, ‘ভিশন ২০৩০’–এর আওতায় ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সৌদি আরব। বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে জাতীয় দলে খেলানোর পরিকল্পনাও সেই উদ্যোগের অংশ।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেন যে, দুই মাস আগে সৌদি আরব তাদের কাছে নারী ও পুরুষ উভয় বিভাগ থেকেই ক্রিকেটার ও কোচ চেয়েছিল। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “তারা আমাদের কাছে নারী ও পুরুষ ক্রিকেটারসহ কোচও চেয়েছিল। কিন্তু দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না।”
লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজনের সাফল্যের মাধ্যমে ইতোমধ্যে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে শক্ত অবস্থান গড়ে তুলেছে সৌদি আরব। এখন আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশটি।









