৪ হাজার সদস্য নিয়ে সলিমপুরে যৌথবাহিনীর অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের ঘাঁটি উচ্ছেদ ও অবৈধ দখলদারদের সাম্রাজ্য ভাঙতে ব্যাপক পরিসরে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে চার হাজার সদস্য এই অভিযানে অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

প্রশাসনিকভাবে সীতাকুণ্ড উপজেলার অংশ হলেও জঙ্গল সলিমপুরের মূল প্রবেশপথ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা। প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমি দখল করে পাহাড় কেটে গড়ে ওঠা এই জনবসতিহীন এলাকা বহু বছর ধরে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। মাদক কারবার, চাঁদাবাজি, অপহরণ, চুরি-ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের ঘাঁটি হিসেবে জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

সোমবার সকালেই যৌথবাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং সব প্রবেশ ও বের হওয়ার পথ কঠোর নিরাপত্তা বেষ্টনী ও তল্লাশিচৌকির আওতায় আনে। অতীতে বারবার আইনশৃঙ্খলা বাহিনী সেখানে হামলার শিকার হওয়ায় এবার আরও সুপরিকল্পিত ও কৌশলগতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জঙ্গল সলিমপুরের অপরাধী নেটওয়ার্ক দীর্ঘদিন ধরেই দৌরাত্ম্য চালিয়ে আসছে। বিশেষ করে সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড ও সহিংস পরিস্থিতি অভিযানকে ত্বরান্বিত করেছে। গত ১৯ জানুয়ারি অভিযানকালে সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের বাহিনীর হামলায় র‍্যাব–৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। ওই ঘটনায় র‍্যাবের আরও চার সদস্যকে অপহরণ করা হলেও পরে উদ্ধার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের তৎপরতা আরও বেড়ে যায়।

এর আগে ২০২২ সালে সরকার খাস জমি দখলমুক্ত করে সেখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ ও ইকো পার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করেছিল। তবে দখলদার ও সন্ত্রাসী চক্রের বাধার কারণে উচ্ছেদ অভিযান প্রায়ই ব্যাহত হয়েছে। জেলা প্রশাসন পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেকপোস্ট বসালেও সন্ত্রাসী কার্যক্রম পুরোপুরি দমন করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, অভিযানের অগ্রগতি, গ্রেপ্তার এবং উদ্ধারের বিবরণ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যৌথবাহিনীর সদস্যরা চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর