বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে রেলওয়ে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির আবেদনের প্রেক্ষিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই কারণে নিয়মিত চলাচলকারী তিনটি ট্রেনের একদিনের যাত্রা বাতিল করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির নেতাকর্মীদের সুবিধার্থে ১০টি রুটে বিশেষ ট্রেন চলবে এবং একাধিক নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। ফলে আগামী ২৫ ডিসেম্বর রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের যাত্রা স্থগিত থাকবে। এই কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।
বিশেষ ট্রেন চলাচলের রুটগুলো হলো— কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর, পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী, যশোর–ঢাকা–যশোর। এছাড়া প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের মাধ্যমে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব পাবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের যাতায়াতে নির্বাচনী আচরণবিধি-২০২৫ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।









