সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষেই অবস্থান নেবে। তিনি জানান, একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দুর্নীতিমুক্ত দেশ গঠন ও সামগ্রিক অগ্রগতিতে সরকারকে যথাসম্ভব সহযোগিতা করবে তাদের দল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
ড. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক বা মানবিক যে কারণেই হোক, জনগণের ক্ষতি হবে—এমন পরিস্থিতি বিরোধীদল কিংবা সরকার—কারও পক্ষ থেকেই সৃষ্টি হতে দেওয়া যাবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে বিরোধীদল জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, জাতির স্বার্থে প্রতিটি ভালো উদ্যোগে বিরোধীদল সরকারের পাশে থাকবে। যেখানে প্রয়োজন হবে, সেখানে প্রয়োজন অনুযায়ী আন্দোলন বা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে—তবে তাদের ইচ্ছা, এমন পরিস্থিতি যেন কখনোই তৈরি না হয়।
বিরোধীদলীয় নেতার ভাষ্য, তারা সরকারকে সহযোগিতা করতে আগ্রহী, কিন্তু জাতীয় স্বার্থ ঝুঁকির মুখে পড়লে জনগণের পক্ষ থেকে জবাবদিহি নিশ্চিত করতেই বিরোধীদল সতর্ক ভূমিকা পালন করবে।









