১৪ বছর পর বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে নামলো বিমান

দীর্ঘ ১৪ বছর পর আবারও পাকিস্তানে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বাংলাদেশ বিমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিইজি৩৪১’ ফ্লাইটটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চলতি মাসের শুরুতেই ঢাকা ও ইসলামাবাদ জানায়, দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথ পুনরায় চালু হতে যাচ্ছে।

করাচি বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের সময় ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানায় পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)। সংস্থাটি এক বিবৃতিতে এটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে “একটি নতুন অধ্যায়” হিসেবে উল্লেখ করেছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিইজি৩৪১ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে পৌঁছে। এর আগে ফ্লাইটটি রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

ফ্লাইট পুনরায় চালু হওয়াকে স্বাগত জানিয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসরি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা শুধু বিমান চলাচলেই সীমাবদ্ধ থাকবে না—এটি আরও বিভিন্ন খাতে বিস্তৃত হবে।

এর আগে ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানায়, উদ্বোধনী ফ্লাইটটি পূর্ণ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ কর্মকর্তারা ফ্লাইটটিকে বিদায় জানান।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন আরও জানায়, ১৪ বছর পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া দুই দেশের সংযোগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ঢাকা-করাচি রুট দুই দেশের মানুষের যোগাযোগ, পর্যটন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে। তিনি জানান, বাংলাদেশ বিমান ধীরে ধীরে এ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াবে এবং ভাড়া কমানোর উদ্যোগ নেবে, যাতে ভ্রমণ আরও সাশ্রয়ী হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্বোধনী ফ্লাইটের যাত্রীরা দুই দেশের মধ্যে ফের সরাসরি আকাশ যোগাযোগ চালু হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর