দীর্ঘ ১৩ বছর পর ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেড়শো যাত্রী নিয়ে এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইটটি করাচির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিজি–৩৪১ ফ্লাইটটি করাচির উদ্দেশে উড্ডয়ন করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে অবতরণ করার কথা রয়েছে। ফিরতি ফ্লাইট বিজি–৩৪২ করাচি থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে এবং ভোর ৪টা ২০ মিনিটে শাহজালালে পৌঁছাবে।
বিমানের শীতকালীন সময়সূচি অনুযায়ী সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে যাওয়া ফ্লাইট করাচিতে পৌঁছাবে রাত ১১টায় এবং করাচি থেকে রাত ১২টা ১ মিনিটে ছেড়ে ঢাকায় ফিরবে ভোর ৪টা ২০ মিনিটে।
রুটটি পুনরায় চালুর উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, ঢাকা–করাচি রুট পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হলো। এটি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।









