বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখবেন।” শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত দেড় বছরে যারা ধৈর্য হারিয়ে অপকর্মের পথে গেছেন, তাদের জন্য অশনিসংকেত শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, পরিবর্তনের এই সময়কে ঘিরে জনগণ নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে আসছে।
এর আগে সকাল ৯টায় নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। সভায় স্থানীয় জামায়াত ও জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
ইসহাক খন্দকার জানান, নোয়াখালীতে বক্তব্য শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দুপুরে লক্ষ্মীপুর, বিকেলে কুমিল্লার লাকসাম এবং সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে আরও তিনটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।









