রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করা হয়েছে।
নির্ধারিত দিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রথম অধিবেশন বসবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক (উপসচিব) এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকার ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই অধিবেশন আহ্বান করা হলো।
সাধারণত পুরোনো সংসদের মেয়াদ শেষে নতুন সংসদের অধিবেশন বসে। তবে এবার সংসদ বিলুপ্ত থাকায় অপেক্ষা কম হবে। উদাহরণস্বরূপ, দ্বাদশ সংসদ সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ ছিল ২৯ জানুয়ারি পর্যন্ত।
এবার নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে এবং তাদের জোটের তিন শরিক দল পেয়েছে ৩টি আসন। স্থগিত থাকা দুই আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে।
অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি, তাদের ১১-দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন। স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ৭ জন, যাদের অধিকাংশই বিএনপির বিদ্রোহী নেতা।









