চলতি ফেব্রুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে। সোমবার সংস্থাটি নতুন এই দাম ঘোষণা করে জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকেই তা কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। গত জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩০৬ টাকা হয়েছিল, যা এবার আরও ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকায় দাঁড়িয়েছে।
অটোগ্যাসের দামও বেড়েছে। ফেব্রুয়ারির জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ২ টাকা ৩৪ পয়সা বৃদ্ধি করা হয়েছে। মূসকসহ নতুন দাম দাঁড়িয়েছে লিটারপ্রতি ৬২ টাকা ১৪ পয়সা।









