১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

দিবসটিকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ও আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, “তবুও সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব সম্পূর্ণ প্রস্তুত।”

শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

র‌্যাব ডিজি জানান, শহীদ মিনার-কেন্দ্রিক নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড নিরাপত্তা সুইপিং সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর