পানের দাম না পেয়ে হতাশা

১১ এনজিও থেকে নেওয়া ঋণের ‌চাপে কৃষকের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি

ঋণের চাপে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে নিজের পান বরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আকবর হোসেনের ছেলে সুজন শাহ জানান, তার বাবা অন্তত ১১টি এনজিও এবং স্থানীয় সুদ কারবারিদের কাছ থেকে ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না। সেই ঋণের চাপে নিজের পান বরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সুজন বলেন, ‘আমার বাবা একটা এনজিও থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু এবার পানের দাম নাই। এক বিঘা জমির পান বরজের আয়েই আমাদের সংসার চলতো। ঋণের কিস্তি ছিল প্রতি সপ্তাহে ৫ হাজার টাকা। কিন্তু এবার পানের দাম না পেয়ে ঋণ পরিশোধ করতে কষ্ট হচ্ছিলো। প্রতিদিন কিস্তির জন্য এনজিওর লোকেরা চাপ দিতেন। ঋণের চাপে পড়ে বাবা আত্মহত্যা করেছেন।’

রাজশাহীর মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ‘আকবর হোসেনের পান বরজ ছিল। কৃষক মানুষ, ঋণ ছিল। এ বছর পান বরজে লোকসান হওয়ায় ঋণ পরিশোধ করতে পারেননি। হতাশা থেকে তিনি নিজের পান বরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

তিনি বলেন, ‘নিহতের স্বজনরা যদি এনজিওর নামে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন, তবে মামলা হবে। কিন্তু তার পরিবার মামলা করবে না। ময়নাতদন্ত করতেও রাজি হচ্ছে না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর