আগের রাজনৈতিক প্রতীক নৌকা ও ধানের শীষের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এবার নৌকা নেই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে বসে আছেন। আমাদেরও বিপদে ফেলে গেছেন। তিনি থাকলে অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতো।”
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা ১৯৭১ সালকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, কারণ একাত্তরই আমাদের এবং বাংলাদেশের অস্তিত্ব। পাকিস্তানের শোষণ-নির্যাতনের কারণেই এ দেশ স্বাধীন হয়েছে। অথচ যারা শেষ মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল, আজ তারা আবার ভোট চাইছে। তাদের ভোট দিলে দেশের সর্বনাশ হবে।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “হিন্দু ভাই-বোনদের মনে একটি ভীতি কাজ করে—তারা সংখ্যালঘু, তাদের ওপর নির্যাতন হতে পারে। কিন্তু বিএনপি বিশ্বাস করে, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। সবাই বাংলাদেশের সমান নাগরিক। বেগম খালেদা জিয়াও সব সময় এ কথাই বলেছেন। তাই ভয়ের কোনো কারণ নেই—সবাই বুক উঁচু করে দাঁড়ান, আমরা আপনাদের পাশেই আছি।”
তিনি আরও বলেন, “বিএনপি হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। বিশেষ করে মা-বোনদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে।”
গণসংযোগ কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









