দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত উপসর্গজনিত কারণে ৬ শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৪ শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার বিকেলে পাঠানো অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-উপসর্গ নিয়ে দেশে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মারা গেছে আরও ২৮ শিশু। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু, তাদের মধ্যে ১৫০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত মোট ২ হাজার ৬৩৯ শিশুর দেহে হাম নিশ্চিতভাবে পাওয়া গেছে। সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি শিশুদের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫-এ। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ শিশু।









