হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয়

ষ্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। এর আগে নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বৈঠকে দুই দেশের প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন। শহীদ ওসমান হাদি হত্যায় সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ প্রত্যর্পণ চুক্তির নিয়ম মেনে গ্রেপ্তারকৃত দুজনকে বাংলাদেশে ফেরত পাঠাতে একমত হয়।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও পুনর্ব্যক্ত করে ঢাকা।

ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও সুবিধাকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

আলোচনার সময় জয়শঙ্কর জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—আরও সহজ করা হবে।

এ ছাড়া ভারত থেকে ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা জানিয়ে খলিলুর রহমান ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *