হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

বিবৃতিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ এসটিএফ জানতে পারে যে বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল।

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসটিএফ দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। আটক ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), যার বাড়ি পটুয়াখালীতে এবং আলমগীর হোসেন (৩৪), যার বাড়ি ঢাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন শরীফ ওসমান বিন হাদিকে হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তারা ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে সুযোগ পেলে আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সম্প্রতি বনগাঁ এলাকায় অবস্থান নেন।

এসটিএফ জানায়, শনিবার (৭ মার্চ) রাতে বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে রেখে তদন্ত কার্যক্রম চলছে।

তবে পশ্চিমবঙ্গের কয়েকটি পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনগাঁ এলাকায় তাদের গত বছরের ২৯ ডিসেম্বরই গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। বাংলাদেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তাও জানিয়েছেন, এই দুজন আগেই গ্রেপ্তার বা আটক ছিল বলে তাদের কাছে তথ্য ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *