গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে গিয়ে হাদির ছোট ভাই ওমর এবং ছোট বোনের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতেই তিনি হাসপাতালে হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ডা. আমানুল্লাহও উপস্থিত ছিলেন।
এদিকে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওসমান হাদির ওপর গুলি চালানো দুই ব্যক্তি প্রায় দুই সপ্তাহ আগে তার নির্বাচনী প্রচারণা দলে যোগ দিয়েছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানিয়েছেন, মোটরসাইকেলযোগে আসা দুই যুবকের মধ্যে একজন হাদির ওপর গুলি চালায়। তারা দুজন কিছুদিন প্রচারণায় অনুপস্থিত থাকলেও কয়েকদিন আগে আবারও হাজির হয়ে কাজে যুক্ত হন।
ঘটনাটির পর পুলিশ ও র্যাব আশপাশের ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানিয়েছেন, তারা ঘটনাটি যাচাই–বাছাই করে দেখছেন।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীতে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।









