রাজধানীর বিজয়নগরে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
হামলাকারীদের সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা ডিএমপিকে জানাতে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার জন্য উপযুক্ত পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বা তার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া গেলে দ্রুত ডিএমপির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তথ্য দিতে ডিএমপির নির্ধারিত নম্বর অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগাযোগ নম্বরগুলো হলো—
ডিসি (মতিঝিল): ০১৩২০-০৪০০৮০
ওসি (পল্টন): ০১৩২০-০৪০১৩২
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।









