রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকার একটি বাসার গ্যারেজে থাকা ফ্রিজিং গাড়ি থেকে দুই শিশু ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী ও তার এক বছর চার মাস বয়সী ভাই ইলহাম চৌধুরী। তাদের বাবা মোসলে উদ্দিন চৌধুরীর বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ঘটনাটি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা। তিনি জানান, শিশু দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সকালে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে দুই শিশু। পরে নিকট আত্মীয়রা তাদের মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, “আমরা খবর পেয়ে ওয়ারলেস মোড় এলাকার একটি বাসার গ্যারেজে রাখা ফ্রিজিং গাড়ি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।”
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।









