রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতিতে পাট একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় খাত। তাই পাট চাষের পরিমাণ বাড়াতে কৃষকদের আরও উদ্যোগী হতে হবে। উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে পাট উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজারের চাহিদা বিবেচনায় আধুনিক, মানসম্মত ও ব্যবহারযোগ্য পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে স্বল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণের উদ্যোগ বাড়াতে হবে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদা আরও বৃদ্ধি পায়।
রাষ্ট্রপতি আরও বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করা সম্ভব। স্টার্টআপ উদ্যোগ এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে তরুণরা নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।









