বরিশালে ডায়রিয়া

হঠাৎ বরিশালে ডায়রিয়ায় মৃত্যু বাড়ছে

বরিশালে হঠাৎ করে ডায়রিয়ার মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকারি হিসাবমতে, ডায়রিয়ায় এখন পর্যন্ত বরিশাল বিভাগে মারা গেছে ১৯ জন। তবে বেসরকারি সূত্রের হিসাবে এই সংখ্যা ৩৬। দুই যুগেও এত লোকের ডায়রিয়ায় আক্রান্ত হওয়া ও মৃত্যুর ইতিহাস নেই।

গত ১ জানুয়ারি ২০২১ থেকে ১০ মে ২০২১ সকাল পর্যন্ত বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮২০ জন। এর মধ্যে ৫২ শতাংশের বেশি রোগী আক্রান্ত হয়েছে গত এপ্রিল মাসে। আর মে মাসের ১০ দিনে আক্রান্ত হয়েছে প্রায় ১০ শতাংশ। অর্থাৎ এপ্রিল থেকে ১০ মে—এই ৪০ দিনেই আক্রান্ত হয়েছে ৬২ শতাংশ রোগী। সঙ্গে ডায়রিয়ায় মারা যাওয়া রোগীদের সবার মৃত্যু হয়েছে এই ৪০ দিনেই।

বিভাগের মধ্যে ভোলা জেলায় সর্বাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ২৪৫। দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী। এ জেলায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬২১ জন। এ ছাড়া বরগুনায় আক্রান্ত ৮ হাজার ১৭ জন, বরিশালে ৬ হাজার ৮২০ জন, পিরোজপুরে ৬ হাজার ৪৯৪ জন ও ঝালকাঠিতে ৫ হাজার ৬৩৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে ডায়রিয়ায় মারা যাওয়া ৩৬ রোগীর মধ্যে বরগুনার বেতাগীতে আছেন ৬ জন, বরগুনা সদরে ৩ জন, আমতলীতে ১ জন, পটুয়াখালী জেলায় ২০ জন, বরিশালে ৫ জন ও ভোলায় একজন রোগী মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ মারা যাওয়া পটুয়াখালী জেলার ২০ জনের মধ্যে ৭ জন হাসপাতালে এবং ১৩ জন মির্জাগঞ্জ উপজেলায় বাড়িতে মারা যান। ৩১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে গত এপ্রিলেই। চলতি মে মাসে মৃত্যু হয়েছে পাঁচজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‌’গত দুই যুগে ডায়রিয়ার এবারের মতো এমন প্রকোপ আমার অভিজ্ঞতায় নেই। তবে গত এক সপ্তাহে ডায়রিয়ার প্রাদুর্ভাব কিছুটা কমছে। তবে এটা পুরো নিয়ন্ত্রণে আসতে হয়তো আরও সময় লাগবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *