ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আহত হয়েছেন ব্যবসায়ী আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২)। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁওয়ের স্টার গলি এলাকায় এ হামলা ঘটে।
ঘটনার পর দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যেখানে দেখা যায়—মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানোর পর হামলাকারীরা দ্রুত দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা মুসাব্বিরের ওপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত মাসুদকে হাসপাতালে নিয়ে আসা সহকারী মো. জাবেদ গণমাধ্যমকে বলেন, “মাসুদ তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তার বাড়ি কেরানীগঞ্জে। রাত ৮টার দিকে মুসাব্বির, মাসুদসহ কয়েকজন স্টার গলিতে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়।”
তিনি আরও জানান, দুইজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মাসুদের পেটের বাম পাশে গুলির আঘাত রয়েছে এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।









