জামালপুরে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে একজনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যপাড়া এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জাহিদুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে ডিমের আড়তের পাওনা টাকা আদায় করতে যান গৃহবধূ ও তার স্বামী। সেখানে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে কয়েকজন লোক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরদিন ভুক্তভোগী নিজেই থানায় মামলা করেন।
চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার রায়ে সন্তোষ প্রকাশ করেছে বলেও তিনি জানান।









