স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায় : মির্জা ফখরুল

ষ্টাফ রিপোর্টার

একাত্তরে স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে।’ তবে বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী ও গণতন্ত্রকামী মানুষ এসব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই যুদ্ধের চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। সে কারণে মহান বিজয় দিবস বিএনপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিজয় দিবসে বিএনপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে। একই সঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ড্যাব ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর