স্ত্রীর জানাজায়ও আসলেন না আলভী, শায়িত হলেন ইকরা

বিনোদন প্রতিবেদক

ছোটপর্দার পরিচিত অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ আসর ময়মনসিংহের ভালুকার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দুপুরের পর ঢাকায় থেকে মরদেহ গ্রামে পৌঁছালে এলাকাজুড়ে শোকের আবহ নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

একমাত্র মেয়েকে হারিয়ে ইকরার বাবা শোকে ভেঙে পড়েন। তিনি অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি পরিকল্পিত হত্যা। তার দাবি, অভিনেতা যাহের আলভী ও তার মায়ের মানসিক নির্যাতন ও চাপের কারণেই তার মেয়ে আত্মহননের পথে ঠেলে দেওয়া হয়েছে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

স্বজনদের বক্তব্য, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে ইকরা নানা অবহেলা ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। তাদের অভিযোগ, আলভীর দায়িত্বহীন আচরণ ও কুপ্রবৃত্তিই শেষ পর্যন্ত ইকরাকে এই করুণ পরিণতির দিকে ঠেলে দিয়েছে।

গত শনিবার রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে সময় যাহের আলভী নেপালে ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে ছিলেন।

ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ব্যক্তিগত বার্তার ছবি ছড়িয়ে পড়ে। সেখানে আলভীর বিরুদ্ধে এক সহ-অভিনেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে ইকরা তার অসহায় মানসিক অবস্থার কথা উল্লেখ করেছিলেন।

জনপ্রিয় অভিনেতার স্ত্রীর এমন করুণ মৃত্যুতে ভালুকার গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ও ভক্তরা চান, এ মৃত্যুর পেছনে যদি কোনো দোষী থাকে, তবে তাকে যেন আইনের মাধ্যমে কঠোর শাস্তির মুখোমুখি করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *