সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশিদের শান্ত থাকা জরুরি। পাশাপাশি কোনো ধরনের গুজব বা ভ্রান্ত তথ্য ছড়িয়ে না দিতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ছবি, ভিডিও বা খবর আপলোড, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। স্থানীয় আইন মেনে চলার গুরুত্বও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
আকাশপথে ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রীরা বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। কূটনৈতিক উইং: ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইং: ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবা: ৮০০১০০০১২৬।









