সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে BNP নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে। বিমানবন্দর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.) ও পরে হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা রয়েছে।
তার সফর উপলক্ষে দুই মাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি মাজার জিয়ারতের পর শ্বশুরবাড়িতে অবস্থান করবেন।
দলীয় প্রধান হিসেবে এটি তার প্রথম সিলেট সফর। সর্বশেষ প্রায় ২১ বছর আগে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তিনি অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বেলা ১১টায় চৌহাট্টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
সিলেটের জনসভা শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক দুটি জনসভায় বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপি–মনোনীত প্রার্থীদের পরিচয়ও তুলে ধরা হবে।









