সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হত্যার কারণ বা বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
নিহতের নাম আব্দুর রহমান। তিনি ইসলামীয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং শহরের ধানগড়া মহল্লার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। নিহতের লাশ হাসপাতালে রয়েছে। বিস্তারিত এখনই বলা যাচ্ছে না, তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।”
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, আব্দুর রহমান একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। হঠাৎ কয়েকজন তরুণ অটোরিকশাটিকে ঘিরে ফেলে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে বারবার আঘাত করে।









