সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ওসমান হাদি

ষ্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।

এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আগত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করার পরপরই যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোববার (১৪ ডিসেম্বর) শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের আগে টানা দুই দিন ধরে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সরকার।

প্রেস উইংয়ের তথ্যমতে, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং হাদির পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, হাদির শারীরিক অবস্থায় আপাতত কোনো পরিবর্তন হয়নি।

সায়েদুর রহমান আরও জানান, গুলিবিদ্ধ মস্তিষ্কের অংশ ছাড়া হাদির শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ—কিডনি, হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস ব্যবস্থা—এখনো নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে। বিভিন্ন ওষুধ ও অক্সিজেনের মাধ্যমে এসব অঙ্গের কার্যকারিতা মোটামুটিভাবে স্থিতিশীল রাখা যাচ্ছে।

তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। ‘আমরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি,’ বলেন তিনি।

বিশেষ সহকারী আরও বলেন, ‘আল্লাহর রহমত থাকলে হাদি অন্তত একটি গ্রহণযোগ্য মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন—এই আশাই আমরা করছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর