আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে ঘিরে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার পর নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নিতে প্রথমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং সর্বশেষ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসি ভবনে আসেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান।
সিইসির সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা— এসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এদিকে একই দিনে দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা কমিটির উচ্চপর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটের আগে-পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।









