সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। রাজধানীর প্রতিটি কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ভোটারদের দীর্ঘ সারি জানান দিচ্ছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশেই ভোট দিচ্ছেন। এ এক অন্যরকম জাগরণের দিন বলে জানান ভোটাররা।
এবার প্রতিটি ভোটারকে দুটি ব্যালট পেপার দেয়া হচ্ছে। একটিতে তারা ২৯৯টি আসনের বিপরীতে ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্য থেকে নিজেদের সংসদ সদস্য নির্বাচন করছেন। আর অন্যটিতে ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’-এ নিজেদের মতামত দিচ্ছেন।
নির্বাচন কমিশন (ইসি) ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। ঝুঁকি বিবেচনায় ২১ হাজার ৫০৬টি কেন্দ্রে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। নজিরবিহীনভাবে এবার মাঠে রয়েছে ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, যাদের দেয়া হয়েছে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। এছাড়া পুলিশ, বিজিবি ও র্যাবের টহল দলগুলো প্রতিটি ভোটকেন্দ্রের চারপাশ ঘিরে এক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে।
এদিকে সারাদেশে উৎসবের ভোট চললেও গোপালগঞ্জের ভোটকেন্দ্রগুলোতে ভোটার নেই বললেই চলে। তবে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রের পাশে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী আমেনা খানম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









