সাভারে পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টার থেকে পোড়া অবস্থায় নারী ও শিশু বলে ধারণা করা দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো এমনভাবে পুড়িয়ে ফেলা হয়েছে যে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে গেলে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “মরদেহ দুটি পুরোপুরি পোড়া থাকায় পরিচয় নির্ণয় কঠিন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”
এই কমিউনিটি সেন্টার থেকে আগেও একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০২৪ সালের ২৯ আগস্ট হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া যায়—যার পরিচয় আজও অজানা। ১১ অক্টোবর রাতে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৩০ বছর বয়সী এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৯ ডিসেম্বর দুপুরে সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে আরও এক অজ্ঞাত পুরুষের মরদেহ পাওয়া যায়।
এই তিনটি হত্যাকাণ্ডে কোনো ভিকটিমের পরিচয় শনাক্ত করতে না পারায় তদন্তে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সর্বশেষ উদ্ধার হওয়া দুই পোড়া মরদেহ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।









