জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে আনাসসহ ছয় শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।
এ ছাড়া পলাতক রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড এবং তিনজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন পেয়েছেন চার বছরের কারাদণ্ড।
সোমবার (২৬ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি দ্বিতীয় মামলার রায়।
২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়—যে ঘটনায় নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।
ঘটনার পর দাখিল করা মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ২৫ মে ফরমাল চার্জ গ্রহণ করে ট্রাইব্যুনাল এবং পলাতক চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে ৩ জুন তাদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তির পরও তারা আত্মসমর্পণ না করায় ১৪ জুলাই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
১০ আগস্ট মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২০ জানুয়ারি দিন ধার্য করা হলেও প্রস্তুতি না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়।
এর আগে, গত বছরের ১৭ নভেম্বর জুলাই আন্দোলনের প্রথম মামলার রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামুন নিজ অপরাধ স্বীকার করে ওই মামলায় অ্যাপ্রুভার হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন।









