সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অভিযোগটি নিয়মিত মামলায় রূপান্তরিত হয়েছে। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানা থেকে ডিবি কার্যালয়ে আসছেন এবং প্রক্রিয়া সম্পন্ন করে আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। অপর অভিযুক্তরা হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এ মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর অভিযুক্তদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর