আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।”
ময়মনসিংহের দীপু হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি। ভিডিও ও ভিজ্যুয়াল বিশ্লেষণ করে ইতোমধ্যে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, মামলাটি দ্রুত বিচার আইনে পরিচালিত হবে। সংখ্যালঘুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্গাপূজাসহ বড় ধর্মীয় উৎসবগুলোতে দেশের বিভিন্ন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।”
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তার প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার নিরাপত্তার বিষয়টি নিয়ে BNP-র সঙ্গে আলোচনায় আছি। তারা যে ধরনের নিরাপত্তা চাইছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা তদারকি করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।”
এ সময় তিনি আরও জানান, ডেইলি স্টার ও প্রথম আলোর ঘটনার তদন্তে ভিডিও ও ভিজ্যুয়াল বিশ্লেষণ করে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের কাছ থেকে আলামতও উদ্ধার করা হয়েছে।









