কুষ্টিয়ার দৌলতপুরে এক গৃহবধূকে সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও ঘরের মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর রাতে। তবে ভুক্তভোগী নারী ও তার শ্বশুর সোমবার (২২ সেপ্টেম্বর) থানায় আলাদা দুটি মামলা দায়ের করেন—একটি ধর্ষণ মামলা এবং অপরটি ডাকাতির মামলা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সেদিন রাতে লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫)-সহ ৭/৮ জন দুর্বৃত্ত ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে স্বামী ও দেবরকে বেঁধে ফেলে। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন তার তিন বছরের শিশুসন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয় এবং লাবু, সুবেল ও তারিখ তাকে ধর্ষণ করে।
ঘটনার পর দুর্বৃত্তরা স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, মামলার পরপরই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।









