ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ে পুনরায় কার্যক্রম চালুর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এই কার্যালয়ে আগুন দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সংশ্লিষ্ট নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের তিনতলা কার্যালয় ভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। এরপর দীর্ঘদিন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার ভোরে কয়েকজন আওয়ামী লীগ নেতা ভবনে প্রবেশ করে স্লোগান দেন এবং দলীয় কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা ভবনের দেয়ালে দলীয় ও জাতীয় পতাকা এবং ‘তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ’ লেখা ব্যানার টানিয়ে সামনে জাতীয় পতাকা রেখে বক্তব্য দিচ্ছেন। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরীকে জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশনার কথা বলতে শোনা যায়। এ সময় আওয়ামী লীগ নেতা তফাজ্জল হোসেন রনুর দিকনির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি।
এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে তারা কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় কার্যালয়ের ভাঙাচোরা দেয়াল হাতুড়ি দিয়ে ভাঙচুর করা হয় এবং পুনরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা থানায় গিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভে ময়মনসিংহ জেলা এনসিপির সদস্য মাসুদ রানাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস, জেলা যুগ্ম সদস্য সচিব তৌহিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।









