বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার গঠনের পথ সুস্পষ্ট হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
নির্বাচনের আগে থেকেই নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্ধারণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিভিন্ন স্থানের সম্ভাব্যতা যাচাই করা হলেও শেষ পর্যন্ত কোনো স্থায়ী সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্র জানায়, আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা–কে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে দিলে ভবনটি সংস্কার করে নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে।
এর আগে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে একটি পৃথক কমিটি গঠিত হয়। কমিটি শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট এলাকা পর্যালোচনা করে। তবে বাসভবন চূড়ান্ত করার দায়িত্ব নির্বাচিত সরকারের ওপরই ন্যস্ত রাখে উপদেষ্টা পরিষদ।








