রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের বাড়তি চাহিদার কারণে অনেক স্থানে তেল পাওয়া যাচ্ছে না। ফলে বহু যানবাহন চালক তেল সংগ্রহ করতে না পেরে খালি হাতেই ফিরে যাচ্ছেন।
শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেক চালক সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন না। বেশ কয়েকটি পাম্পে তেলের সরবরাহ শেষ হয়ে যাওয়ায় অনেক যানবাহনকে ফিরে যেতে দেখা গেছে।
তেল না পাওয়াকে কেন্দ্র করে কিছু স্থানে গ্রাহকদের সঙ্গে পাম্প কর্তৃপক্ষের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। এ সময় অনেক গ্রাহক অভিযোগ করেন, পাম্পগুলোতে পর্যাপ্ত নজরদারি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা জ্বালানি সরবরাহ ও বিক্রির ওপর সরকারের কঠোর তদারকির দাবি জানান।
পাম্প মালিকদের দাবি, স্বাভাবিক সময়ে যে পরিমাণ জ্বালানি সরবরাহ পাওয়া যায়, বর্তমানে তা আসছে না। একই সঙ্গে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এদিকে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যানবাহনভিত্তিক নির্ধারিত কোটা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
সকাল থেকেই অনেক পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেক গ্রাহক আগেভাগেই প্রয়োজনীয় পেট্রোল ও অকটেন সংগ্রহের চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে কিছু কিছু পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, অতিরিক্ত চাহিদার কারণে চাপ তৈরি হলেও এখনো বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়নি।









