গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী, ঝন্টু শেখ।
২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ায় বাসায় ফিরছিলেন বাসুর ভাই। মৌলভীপাড়ায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসুকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। হামলায় তার দুই পা ও একটি হাত ভেঙে যায়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সকালে তার মৃত্যু হয়।
২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জের দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন। পরে বিচার দ্রুত সম্পন্নের লক্ষ্যে মামলাটি ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়। ট্রাইব্যুনালে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে মামলার বিচার কার্যক্রম শেষ হয় এবং আজ রায় ঘোষণা করা হলো।









