প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সব ধরনের উসকানির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
দেশে অস্থিরতা ও নিরাপত্তাহীনতার চলমান পরিস্থিতিতে তারেক রহমানের এ বক্তব্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মন্তব্য করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানান শ্রেণি–পেশার মানুষ তার কথার প্রশংসা করছেন।
সেই ধারাবাহিকতায় মুগ্ধতার কথা জানালেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আজ এ দেশের মানুষ চায়…”— এই বক্তব্য তার শিরদাঁড়ায় নাড়া দিয়েছে। তিনি আরও লিখেছেন, “শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”
এর আগে বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। দলের শীর্ষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। প্রায় এক ঘণ্টা বিমানবন্দরে অবস্থান শেষে দুপুর ১২টা ৪১ মিনিটে পূর্বাচলে নির্মিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে বাসে করে যাত্রা করেন তিনি।
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা থেকে পূর্বাচল পর্যন্ত লাখ লাখ নেতা-কর্মী সমবেত হন। উচ্ছ্বসিত জনসমাগমের কারণে সাত কিলোমিটার পথ অতিক্রম করতে তার তিন ঘণ্টার বেশি সময় লাগে।
সংবর্ধনাস্থলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “যেকোনো মূল্যে আমাদের দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর, স্থির এবং শান্ত থাকতে হবে।” একই সঙ্গে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।









