শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলী

বিনোদন প্রতিবেদক

ঢালিউড সুপারষ্টার শাকিব খান–এর সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্কের বর্তমান অবস্থান পরিষ্কার করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি; তাই নতুন করে বিয়ের প্রশ্নই আসে না।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে একটি বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে অংশ নেন বুবলী। অনুষ্ঠানের সঞ্চালক যখন জানতে চান—তিনি কবে আবার বিয়ের পরিকল্পনা করছেন—জবাবে বুবলী স্পষ্টভাবে বলেন, “আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।”

সাম্প্রতিক সময়ে শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।”

নিজের বৈবাহিক অবস্থার ব্যাখ্যায় তিনি আরও বলেন, “ম্যারিটাল স্ট্যাটাস বলতে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এখানে ‘অতীত’ নামে কোনো অপশন নেই।”

শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলীর ব্যাখ্যা—তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান থাকতে পারে, আবার তা কাটিয়েও ওঠা যায়। তিনি আবারও জোর দিয়ে বলেন, “আমাদের কখনো ডিভোর্স হয়নি। অনেকেই হয়তো দ্বিধায় থাকেন, তাই বিষয়টি পরিষ্কার করছি।”

পডকাস্টে বুবলী শুধু সংসার-সংক্রান্ত প্রসঙ্গই নয়, নিজের প্রথম প্রেম, ক্যারিয়ার এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *