শনিবার নতুন কর্মসূচি ঘোষণা, শাহবাগ ছাড়লো আন্দোলনকারীরা

ষ্টাফ রিপোর্টার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতরা শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ ত্যাগ করেন। আন্দোলনকারীদের সঙ্গে সে সময় উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের এবং সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে সৈকত। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলনকারীদের শাহবাগ ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের পক্ষ থেকে শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, সরকারদলীয় পক্ষ সাধারণ মানুষের সঙ্গে মিশে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং ওসমান হাদি হত্যার বিচার ও নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানানো হয়।

দুপুরের পর থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাদি হত্যার তদন্ত ও বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন। পথে পুলিশ তাদের বাধা দিলে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনামুখী মিছিল আবারো এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়, পরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোলে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে তারা আবার শাহবাগ মোড়ে অবস্থানে ফিরে আসে এবং কিছুক্ষণ পর সিদ্ধান্ত অনুযায়ী সেখান থেকে সরে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর