লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোরে শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেনের বয়স ৪৯ বছর এবং তিনি ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় পরপর দুই দফা গুলির শব্দ শোনা যায়। পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে মোবাইলে যোগাযোগ করে বিষয়টি নিয়ে কথা বলে।
বিএসএফের দাবি, কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়া কাটতে ভারতের ভেতরে প্রবেশ করলে তারা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। এরপর ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলে গুলিবিদ্ধ হন আলী হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ঘটনাটি যাচাই-বাছাই চলছে এবং উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।









