লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান : জামায়াত আমির

ষ্টাফ রিপোর্টার

রাত পোহালেই অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে ভোটের উত্তেজনা বাড়ছে প্রতি মুহূর্তে। এমন প্রেক্ষাপটে ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এসব গুজবে কান দেবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।”

নির্বাচনের আগে বিভিন্ন ধরনের তথ্য, গুজব ও বিভ্রান্তিকর বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি এ আহ্বান জানিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি কোনো নির্দিষ্ট গুজবের উল্লেখ করেননি।

এদিকে একই দিন বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ তুলেছেন জামায়াত আমির। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুর হওয়া একটি বুথের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামাতে চায়, তারা ভুলে যাচ্ছে—এই জাতি জুলাই পেরিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, “পেশীশক্তির রাজনীতি শেষ। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার পথ বেছে নিচ্ছে।”

আগামীকালের ভোটে দাঁড়িপাল্লার প্রতি মানুষের সমর্থন ফুটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের হৃদয়ে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে— তার প্রতিফলনই দেখা যাবে ভোটে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনও লড়ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *